আপডেটের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৫
॥ নিজস্ব প্রতিবেদক ॥
দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পাহাড়ী জনগন যেভাবে পার্বত্য চুক্তি সম্পাদন করেছে ঠিক তেমন করে এই চুক্তি বাস্তবায়ন করে ছাড়বো বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির শীর্ষ নেতা ও রাঙামাটি সাবেক সংসদ সদস্য উষাতন তালুকদার। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৮ তম বর্ষপূর্তি উপলক্ষে তিনি আজ রাঙামাটি জিমনেসিয়াম মাঠে আয়োজিত বিশাল গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পার্বত্য চুক্তির ২৮ বছর পুর্তি উপলক্ষে রাঙামাটি জেলা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এই গণ সমাবেশের আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণবাস্তবায়নের দাবীতে রাঙামাটির বিভিন্ন স্থান থেকে পাহাড়ী নারী পুরুষ মিছিল সমাবেশ করে সমাবেশ স্থলে যোগ দেয়।
গনসমাবেশে উষাতন তালুকদার বলেন, আগামী ২ সপ্তাহের মধ্যে দেশে সাধারণ নির্বাচনের তফসীল ঘোষণার কথা রয়েছে। যদি আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি এ নির্বাচনে অংশ গ্রহণ করবে বলে তিনি ঘোষণা দেন।
তিনি বলেন নির্বাচনে অংশ নিয়ে পাহাড়ে জুম্ম জনগনের নিজের অধিকার নিজেদের ফিরিয়ে আনার প্রচেষ্টা নিতে হবে।
উষাতন তালুকদার পার্বত্য জেলা পরিষদ গুলোর শক্তিশালী করতে সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন পাহাড়ের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকার মাধ্যমে জেলা পরিষদ গুলোর নির্বাচন দিন। পরিষদ গুলোকে শক্তিশালী করতে পাহাড়ের মানুষ জেলা পরিষদ গুলোর নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে জনগনের প্রতিনিধি নির্বাচিত হলেই জেলা পরিষদ গুলো শক্তিশালী হবে বলে তিনি উল্লেখ করেন।
রাঙামাটি শহরের কুমার সুমিত রায় জিমনেসিয়াম মাঠে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সভাপতি ডা: গঙ্গা মানিক চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত গণ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এমএন লারমা মেমোরিয়াল ফাউন্ডেশন এর সভাপতি বিজয় কেতন চাকমা, শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্ক এর সহ-সভাপতি ভবতোষ দেওয়ান, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রুমেন চাকমা, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা বক্তব্য রাখেন