আপডেটের সময়ঃ ডিসেম্বর ২, ২০২৫
॥ নিজস্ব প্রতিবেদক ॥
পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ২৮তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের আয়োজনে রাঙামাটিতে পৃথক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ সভার সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুবর্না চাকমা। আলোচনা সভাটি সঞ্চালনা করেন, জনসংযোগ কর্মকর্তা বিমল কান্তি চাকমা এবং সহকারী নির্বাহী কর্মকর্তা সুষ্মিতা চাকমা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,শরনার্থী বিষয়ক টাস্কফোর্সের সচিব কৃষ্ণ চন্দ্র চাকমা,সাবেক উপসচিব প্রকৃতি রঞ্জন চাকমা আঞ্চলিক পরিষদ সদস্য অ্যাড.চঞ্চু চাকমা, ফদাং তাং রাংলাই, হাজী মো. কামাল উদ্দিন, নুরুল আলম মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরুপা দেওয়ান,জেলা পরিষদ সদস্য নাই উ প্রু মারমা মেরি, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি থোয়াই অং মারমা, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াছ কমিউনিস্ট পার্টি রাঙামাটি জেলা সভাপতি সমির কান্তি দে, সিএইচটি উইমেন নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সান্তনা চাকমা, এনজিও “পাড়া”-র নির্বাহী পরিচালক মো. আব্বাস উদ্দিন প্রমুখ।
বক্তারা বলেন, চুক্তি বাস্তবায়ন নিয়ে সরকার ও জনসংহতি সমিতির (জেএসএস) তথ্যের মধ্যে পার্থক্য রয়েছে, যা বিভ্রান্তি সৃষ্টি করছে। তারা আরও উল্লেখ করেন,“২৮ বছর পরেও পার্বত্য চুক্তির পূর্ণ বাস্তবায়ন না হওয়া পাহাড়বাসীর জন্য এক বড় দুর্ভাগ্য।”
বক্তারা পাহাড়ে স্থায়ী শান্তি ও উন্নয়নের স্বার্থে বলেন, চুক্তির পূর্ণ বাস্তবায়নের জন্য পাহাড়ে বসবাসরত স্থায়ী পাহাড়ী ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে ঐক্যমত সৃষ্টির উদ্যোগ অত্যন্ত জরুরি এবং চুক্তির সকল ধারা দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার দাবি জানান।