আপডেটের সময়ঃ ডিসেম্বর ১৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
হারানো মোবাইল ফোন ফিরে পাওয়া যেন এক দুঃসাধ্য ব্যাপার। কিন্তু আধুনিক প্রযুক্তি আর নিষ্ঠার সমন্বয়ে সেই অসাধ্যকে সাধন করে চলেছে রাঙ্গামাটি জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল। বুধবার(১৭ ডিসেম্বর) বিকালে রাঙ্গামাটি পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধারকৃত ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।

মোবাইল ফোন হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ভিকটিমগণ তাদের প্রিয় ও প্রয়োজনীয় মোবাইল ফোনটি ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে সাইবার ক্রাইম মনিটরিং সেল দেশের বিভিন্ন স্থান থেকে এই মোবাইলগুলো উদ্ধার করে। জেলা পুলিশের এই বিশেষ সেলটি শুধু মোবাইল উদ্ধারই নয়, সাইবার অপরাধ প্রতিরোধ এবং ক্লুলেস মামলা ডিটেকশনেও নিরলস কাজ করে যাচ্ছে। তথ্য অনুযায়ী, অদ্যবধি এই সেলটি মোট ৫৫৫টি হারানো মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ০১ কোটি ১১ লক্ষ টাকা।
মোবাইল হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ইকবাল হোছাইন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ জসীম উদ্দীন চৌধুরী,এবং সাইবার ক্রাইম মনিটরিং সেলের দক্ষ সদস্যবৃন্দ।
পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, সাইবার অপরাধ দমনে এবং সাধারণ মানুষের সম্পদ পুনরুদ্ধারে জেলা পুলিশ সর্বদা তৎপর। ভবিষ্যতেও প্রযুক্তির সহায়তায় জনসেবার এই ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।