আপডেটের সময়ঃ ডিসেম্বর ২০, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (২০ ডিসেম্বর) বাদ মাগরিব রাঙামাটি ইসলামিক সেন্টার মসজিদে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে রফিকুল ইসলামের সঞ্চালনায় এবং রাঙামাটি পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর মাইনুদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর রাঙামাটি জেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম।
বিশেষ অতিথি ছিলেন জেলা সূরা সদস্য জাফর আহম্মদ, জেলা মজলিশে সূরা সদস্য অ্যাডভোকেট রহমতুল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভা অফিস সম্পাদক সাজ্জাদুল ইসলাম, পৌরসভা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীনসহ পৌরসভা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি অধ্যাপক আব্দুল আলীম বলেন, শহীদ ওসমান হাদী ছিলেন সত্য, ন্যায় ও ইসলামী আদর্শের একজন অকুতোভয় সৈনিক। তিনি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছিলেন। অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে তাঁর আপোষহীন অবস্থান আমাদের অনুপ্রেরণা যোগায়।”
তিনি আরও বলেন,“একটি ন্যায়ভিত্তিক, ইনসাফপূর্ণ ও মানবিক সমাজ গঠনের যে স্বপ্ন শহীদ ওসমান হাদী লালন করেছিলেন, তা বাস্তবায়নে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাঁর ত্যাগ বৃথা যেতে পারে না। ইসলামী আন্দোলনের প্রতিটি কর্মীকে তাঁর আদর্শ বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে।”
তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন,“আজকের যুবকদের উচিত শহীদদের জীবন থেকে শিক্ষা নিয়ে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং দ্বীন ও দেশের কল্যাণে নিজেকে প্রস্তুত করা।”
অনুষ্ঠানের শেষ পর্বে শহীদ ওসমান হাদীর রূহের মাগফিরাত কামনা, তাঁর শাহাদাত কবুল হওয়া এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।