আপডেটের সময়ঃ ডিসেম্বর ২৭, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
রাঙ্গামাটিতে পানিবাহী ট্রাক চাপায় পথচারী এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২৯ ডিসেম্বর) দুপুরে শহরের আসামবস্তি-কাপ্তাই সড়কের ক্যাপ্পো পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারী হলো কেমি চাকমা(৩৮)। তিনি একই এলাকার চন্দন চাকমার স্ত্রী।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আওতায় শহরে পানির লাইন সম্প্রসারনের কাজে নিয়োজিত ঠিকাদারের প্রায় পাঁচ হাজার লিটার পানি ট্যাংকে ভর্তি করে ট্রাকে করে আসামবস্তি হয়ে কাপ্তাইয়ের দিকে যাচ্ছিল। এক পর্যায়ে ট্রাকটি ক্যাপ্পো পাড়া এলাকা অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার মোড়ে উল্টে গেলে রাস্তা দিয়ে হেটে যাবার সময় পথচারী কেমি চাকমা ট্রাকের নীচে চাপা পড়ে। কেমি চাকমা পাশ্ববর্তি নিজ বাড়ী থেকে এ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন বলে স্থানীয়রা জানান।
পরে মূমুর্ষ অবস্থায় স্থানীয়রা ট্রাকের নীচে চাপা পাড়া কেমি চাকমাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
ঘটনাস্থল থেকে রাঙ্গামাটির কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ(তদন্ত) মোঃ মুখলেস জানিয়েছেন, দূর্ঘটনার সাথে সাথে ট্রাক ও হেলপারদের রেখে চালক পালিয়েছে। এসময় স্থানীয়রা ট্রাকে থাকা দুজন হেলপারকে আটক করে পুলিশে সোপর্দ করে। তিনি আরো জানান ট্রাকটি ও হেলপারদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে।