আপডেটের সময়ঃ মে ২০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:
রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে ভয়াবহ বাস দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। রবিবার (১৭ মে) দুপুরে রাঙামাটি শহরের সাপছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস সাপছড়ি এলাকায় পৌঁছালে সড়কের ঢালু অংশে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক ও জনপথ বিভাগের একটি ওয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে রাস্তার ওপর উল্টে যায়।
বাসে থাকা যাত্রীরা জানান, দুর্ঘটনার পর যাত্রীরা দ্রুত বাস থেকে বের হয়ে আসেন। বাসটিতে প্রায় ৩৮ জন যাত্রী ছিলেন। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানির ঘটনা থেকে রক্ষা পান তারা। দুর্ঘটনায় অন্তত ১২ জন যাত্রী আহত হন। এর মধ্যে ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় বলে জানা গেছে।
দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার পালিয়ে যান বলে অভিযোগ করেন যাত্রীরা। স্থানীয়দের মতে, সড়কের পাশে ওয়াল না থাকলে বাসটি প্রায় ৩০০ ফুট গভীর খাদে পড়ে আরও বড় দুর্ঘটনা ঘটতে পারত।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে রাঙামাটি শহরের দিকে পাঠায়।
এ বিষয়ে মানিকছড়ি ফাঁড়ির পুলিশ সদস্য মো. জামাল বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রায় ১২ জন আহত হয়েছেন, তবে কেউ গুরুতর আহত নন। ৪ জনের শরীরের বিভিন্ন স্থানে কেটে গেছে। তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।”