আপডেটের সময়ঃ ডিসেম্বর ১৪, ২০২৫
সিএইচটি টোয়েন্টিফোর ডেস্ক :
জনপ্রিয় মডেল-অভিনেত্রী ও নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ। বিশেষ দিবসের নাটকে মাঝেমধ্যে অভিনয় করেন তিনি। তারই ধারাবাহিকতায় এবারের বিজয় দিবসের একটি নাটকে অভিনয় করেছেন মৌ। নাটকের নাম ‘ডাক্তার বাড়ি’।
ফরিদুর রেজা সাগরের গল্প অবলম্বনে নাটকটির চিত্রনাট্য করেছেন রাজু আলীম। পরিচালনা করেছেন অরুণ চৌধুরী। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা একটি বাড়ি থেকে কীভাবে সহায়তা পেয়েছিলেন, সেটাই তুলে ধরা হয়েছে নাটকে।
সম্প্রতি ঢাকার নবাবগঞ্জে নাটকটির শুটিং হয়েছে। নাটকে মল্লিকা চরিত্রে অভিনয় করেছেন মৌ। তার বাবার চরিত্রে আছেন নরেশ ভূঁইয়া। মুক্তিযোদ্ধার চরিত্রে দেখা যাবে আহসান হাবিব নাসিমকে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইয়ে প্রচারিত হবে ‘ডাক্তার বাড়ি’। এদিকে মুক্তির অপেক্ষায় আছে মৌ অভিনীত প্রথম ওয়েব ফিল্ম ‘গহীন অতল’। কাজী আনোয়ার হোসেনের ‘আর্তনাদ’ উপন্যাস অবলম্বনে এটি নির্মাণ করেছেন আকা রেজা গালিব।