রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ


আপডেটের সময়ঃ মে ৬, ২০২৬

ডেস্ক রিপোর্ট:-

কেন্দ্র ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে রাঙামাটি ছাত্রদলের একাংশ। রবিবার (৩মে ২০২৬) সকাল ১১টায় নতুন কমিটি বাতিলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল বের করে পদ বঞ্চিতদের অংশ। শহরের পৌর চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে বনরূপা বাজার ঘুরে বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়। এসময় সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে স্লোগান দেয় নেতা কর্মীরা। অবরোধে প্রায় তিন ঘন্টা সড়কে যান চলাচল বন্ধ থাকে। এতে শহরের প্রাণকেন্দ্র বসরূপায় যানজট দেখা দেয়। এসএসসি পরীক্ষার্থী সহ জনসাধারণ দুর্ভোগ পোহায়।

এদিকে বিক্ষুদ্ধ ছাত্রদলের নেতাকর্মীদের নিভৃত করতে অবরোধ স্থলে ছুটে আসেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশিদ ও সহ-সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির। তারা ঘোষিত কমিটি পরিবর্তনের জন্য কেন্দ্রীয় ছাত্রদলের সাথে আলোচনার আশ্বাস দেন। ঘটনাস্থল থেকে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিব হাসান এর সাথে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মুঠোফোনে যোগাযোগ করলে তিনি কমিটির বিরুদ্ধে আনিত অভিযোগগুলো আমলে নিয়ে কমিটি রিভিউ করা যেতে পারে বলে বলে জানান।

পরে জেলা বিএনপির নেতৃবৃন্দ ২৪ ঘন্টার মধ্যে এ কমিটির বিষয়ে কেন্দ্র থেকে সিদ্ধান্ত আনার আশ্বাস দিলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা অবরোধ তুলে নেয়।

দীর্ঘ আট বছর পর কেন্দ্র থেকে গতকাল শনিবার (২ মে) ঘোষণা করা হয়েছে রাঙামাটি জেলা ছাত্রদলের কমিটি।
২৩ সদস্য বিশিষ্ট জেলা কমিটিতে অলি আহাদকে সভাপতি, খাইরুল ইসলামকে সিনিয়র সহ-সভাপতি নাঈমুল ইসলামকে সাধারণ সম্পাদক ও মোঃ গালিব হাসানকে সাংগঠনিক নবনির্বাচিত করা হয়।

এদিকে জেলা ছাত্রদলের একাংশ কমিটি ঘোষণা হওয়ার পর উচ্ছাস প্রকাশ করলেও পদ বঞ্চিতরা বিক্ষোভে ফেটে পড়েন। তাদের অভিযোগ এই কমিটি অছাত্র, বিবাহিত, মাদক কারবারী ও গুরুতর অপরাধের মামলার আসামিতে ভরপুর। কেন্দ্রীয় কমিটির সিনিয়র নেতারা টাকার বিনিময়ে এ কমিটির ঘোষণা করেছে বলে অনেকের অভিযোগ।
ঘোষিত নতুন কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্ব পাওয়া আব্দুল আহাদ তার ফেসবুকে নিজের পদ ফিরিয়ে দিয়ে আক্ষেপ প্রকাশ করেন। তার অভিযোগ প্রকৃত যোগ্যদের মূল্যায়ন করা হয়নি এ কমিটিতে।