আপডেটের সময়ঃ নভেম্বর ২৬, ২০২৫
॥ নিজস্ব প্রতিবেদক ॥
রাঙামাটিতে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে হাসান মিয়া (২২) নামে এক সিএনজি চালক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরো একজন। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কের বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিএনজি ড্রাইভার নাম হাসান মিয়া (২২), বাবার নাম মোঃ জাহাঙ্গীর হোসেন। তার গ্রামের বাড়ী বরিশাল লালমোহন। সে রাঙামাটি থেকে কাঁচা মাল নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলো। আহত সিএনজি যাত্রীর নাম গিয়াস উদ্দিন। বাবার নাম আব্দুল কাদের। তার গ্রামের বাড়ী কৃষ্ণপুর, চকরিয়া, কক্সবাজার।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা এসিআই গ্রুপের মালিকানাধীন ওষধ বহনকারী কাভার্ড ভ্যান দ্রুত গতিতে বেতবুনিয়া চেয়ারম্যান ঘাটা অতিক্রম করছিলো। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
মূহুর্তেই সিএনজি অটোরিক্সা দুমড়েমুচড়ে যায়। এসময় সিএনজিতে থাকা চালক হাসান (২২) ও যাত্রী গিয়াস উদ্দিন গুরুতর আহত হন। স্থানীয়রা আশংকাজনক অবস্থায় দু’জনকে উদ্ধার করে রাউজান হাসপাতালে ভর্তি করালে কর্তব্যরত চিকিৎসক চালক হাসানকে মৃত ঘোষনা করেন। আহত গিয়াস উদ্দিন বর্তমানে রাউজান জে কে মেমোরিয়াল হাসপাতালে ভর্তি আছেন। দূর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ।
তবে কাভার্ড ভ্যানের ড্রাইভার চট্টগ্রামের বোয়ালখালীর। তার নাম শিব বড়ুয়া। দূর্ঘটনার পর ড্রাইবার পালিয়ে গেছে।
এবিষয়ে বেতবুনিয়া পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইসহাক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন এ ব্যাপারে থানায় মামলার প্রক্রিয়া চলছে।