রাঙামাটিতে নিরাপদ সড়ক ও আধুনিক ট্রাফিক সচেতনতা কর্মসূচি জেলা পুলিশের


আপডেটের সময়ঃ জুন ৯, ২০২৬

 

ডেস্ক রিপোর্ট:-

রাঙামাটি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে সড়ক নিরাপত্তা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ট্রাফিক ব্যবস্থা নিশ্চিতকরণের লক্ষ্যে “ট্রাফিক সচেতনতা কর্মসূচি–২০২৬” অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৬ মে) বিকাল ৪টায় রাঙামাটির লেক ভিউ গার্ডেনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ারুল হক, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশীদ মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দিন দিন বাড়তে থাকা সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, যানবাহন চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং পর্যটননির্ভর রাঙামাটিতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে জনসচেতনতা সৃষ্টির কোনো বিকল্প নেই। ট্রাফিক আইন মেনে চলার গুরুত্ব, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, হেলমেট ও সিটবেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা এবং নিরাপদ যান চলাচল বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তারা।

বক্তারা আরও বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগই যথেষ্ট নয়, প্রয়োজন সচেতন নাগরিক সমাজের সক্রিয় অংশগ্রহণ। সাধারণ জনগণ, পরিবহন চালক, শিক্ষার্থী ও পর্যটকদের মধ্যে ট্রাফিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও চলমান থাকবে। আধুনিক প্রযুক্তিনির্ভর উদ্যোগের মাধ্যমে চালকদের তথ্য সংরক্ষণ, পরিচয় শনাক্তকরণ এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে। একই সঙ্গে এটি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

এসময় প্রধান অতিথি অ্যাডভোকেট দীপেন দেওয়ান সিএনজি থ্রি-হুইলার চালকদের জন্য একটি ডিজিটাল ডাটাবেসের উদ্বোধন করেন। পাশাপাশি মোটরসাইকেল চালকদের মাঝে হেলমেট ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।