পার্বত্য অঞ্চলের উন্নয়নে নতুন প্রকল্প, কাপ্তাই হ্রদে ড্রেজিং শিগগিরই শুরু: দীপেন দেওয়ান এমপি


আপডেটের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৬

 

বিশেষ প্রতিনিধি:-

পার্বত্য চট্টগ্রামের দুর্গম এলাকার শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামো উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারণ এবং পর্যটন খাতকে শক্তিশালী করতে সরকার নতুন প্রকল্প গ্রহণ করেছে বলে জানিয়েছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান এমপি । তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে পার্বত্য অঞ্চলের মানুষের জীবনমান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।

শনিবার দুপুরে রাঙামাটির বরকল উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী এবং আবাসিক এসএসসি পরীক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও জানান, দীর্ঘদিনের নাব্য সংকট, মৎস্য উৎপাদন হ্রাস এবং পর্যটন উন্নয়নের প্রতিবন্ধকতা দূর করতে কাপ্তাই হ্রদের ড্রেজিং কার্যক্রম শিগগিরই শুরু করা হবে। তিনি বলেন, কাপ্তাই হ্রদ পার্বত্য অঞ্চলের অর্থনীতি, নৌ-যোগাযোগ, মৎস্যসম্পদ ও পর্যটনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। কিন্তু দীর্ঘদিন ধরে পলি জমে হ্রদের নাব্যতা কমে যাওয়ায় নৌযান চলাচল ব্যাহত হচ্ছে, মাছ উৎপাদন কমছে এবং পর্যটন খাতও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় সরকার হ্রদ খননের সিদ্ধান্ত নিয়েছে।
তিনি আরও বলেন, বরকল উপজেলাসহ পার্বত্য চট্টগ্রামের যেসব এলাকায় এখনো মোবাইল নেটওয়ার্ক সুবিধা পৌঁছেনি, সেখানে অল্প সময়ের মধ্যেই নেটওয়ার্ক স্থাপন করা হবে।

উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে শান্তি-শৃঙ্খলা বজায় রেখে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান মন্ত্রী।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা অতনু বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সুমিনা চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খোন্দকার রিজাউল করিম, পার্বত্য মন্ত্রণালয়ের উপসচিব রবীন্দ্র চাকমা, ৪৫ বিজিবি বরকলের ভারপ্রাপ্ত জোন কমান্ডার মেজর ফারহাত আন নাঈম, বরকল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, বরকল উপজেলা বিএনপির সভাপতি

আবু বক্কর ছিদ্দিক, কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নন্দ বিকাশ চাকমা, হেডম্যান নিলাময় চাকমা ও প্রভাত রঞ্জন চাকমা, বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রহর জ্যোতি চাকমা, আইমাছড়া ইউপি চেয়ারম্যান সুবিমল চাকমা, রাঙামাটি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল, বরকল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।