খাগড়াছড়ির দুই পূজনীয় ভিক্ষু ও গাড়ি চালকের মহাপ্রয়াণে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রীর গভীর শোক প্রকাশ


আপডেটের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬

ডেস্ক রিপোর্ট:-

আজ সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি জাঙ্গালিয়া এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় খাগড়াছড়ি জেলার দুই জন পরম শ্রদ্ধেয় বৌদ্ধ ভিক্ষু (ভান্তে) এবং এক জন বৌদ্ধ ধর্মাবলম্বী গাড়ি চালকের অকাল মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান এমপি এবং ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

নিহতরা হলেন— খাগড়াছড়ি সদরের য়ংড বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ উসারা ভান্তে (খ্য চিং মারমা), মাটিরাঙ্গা উপজেলার ওয়াজুকা বৌদ্ধ বিহারের বিহারাধ্যক্ষ আগ্গাধেইংম্মা ভান্তে এবং খাগড়াছড়ি সদরের সাতভাইয়া পাড়ার অধিবাসী গাড়ি চালক লাব্রে মারমা।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. রেজুয়ান খান প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী শোকসন্তপ্ত পরিবার-পরিজন এবং তাঁদের গুণগ্রাহী ও শিষ্যবৃন্দের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। একই সাথে তিনি উক্ত দুর্ঘটনায় গুরুতর আহতদের সুচিকিৎসা নিশ্চিতকরণে গুরুত্বারোপ করেন এবং তাঁদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করেন।