অসহায় কৃষকের ধান ঘরে তুলে দিলো রাঙামাটি ছাত্রদলের নেতা-কর্মীরা


আপডেটের সময়ঃ জুন ৯, ২০২৬

 

নিজস্ব প্রতিবেদক:

​রাঙামাটি সদর উপজেলার মোল্লা পাড়া এলাকায় তীব্র আর্থিক সংকটে পাকা ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়া এক অসহায় কৃষকের ক্ষেতের ধান কেটে ঘরে তুলে দিয়েছে রাঙামাটি ছাত্রদলের নেতাকর্মীরা।

​স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা পাড়া এলাকার ওই দরিদ্র কৃষক টাকার অভাবে ধান কাটার জন্য শ্রমিক মেলাতে পারছিলেন না। অন্যদিকে, আবহাওয়া অনুকূলে না থাকায় যেকোনো সময় আকস্মিক বৃষ্টি বা পাহাড়ী ঢলে ফসল নষ্ট হওয়ার শঙ্কায় দিন কাটছিল তার। কৃষকের এই অসহায়ত্বের কথা জানতে পেরে রাঙামাটি জেলা ছাত্রদলের একদল নেতাকর্মী স্বেচ্ছায় ওই কৃষকের পাশে দাঁড়ায়।

​সোমবার (২৫ মে) সকাল থেকে তীব্র গরম উপেক্ষা করে জেলা ছাত্রদলের সভাপতি মোঃ অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রণির নেতৃত্বে সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা ধান কাটার কাজে অংশ নেন। তারা শুধু ধান কেটেই ক্ষান্ত হননি, তা আঁটি বেঁধে মাথায় করে কৃষকের বাড়ি পর্যন্ত পৌঁছে দেন।

​ছাত্রদলের এই মানবিক উদ্যোগে আবেগাপ্লুত হয়ে পড়েন ভুক্তভোগী ওই কৃষক। তিনি বলেন: ​”ক্ষেতের ধান পেকে গিয়েছিল, কিন্তু দিনমজুরের অতিরিক্ত মজুরি দেওয়ার মতো টাকা আমার ছিল না। দুঃশ্চিন্তায় রাতে ঘুমাতে পারছিলাম না। ছাত্রদলের ছেলেরা এসে যেভাবে আমার ধান কেটে ঘরে তুলে দিল, তা আমি কোনোদিন ভুলব না। আল্লাহ ওদের মঙ্গল করুক।”

​এ বিষয়ে রাঙামাটি জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ জানান, ছাত্রদল শুধু ছাত্র অধিকার রক্ষার আন্দোলনই করে না, যেকোনো সামাজিক ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় সংসদের নির্দেশনায় এবং দলের সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই তারা এই স্বেচ্ছাসেবী কার্যক্রমে অংশ নিয়েছেন বলে জানান।

ধানকাটা কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা ছাত্রদলের সহ-সভাপতি জ্যৌতি চাকমা, সহ-সভাপতি মাহমুদুল হাসান জুয়েল, সহ-সভাপতি আব্দুস সালাম, সহ-সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি মোঃ ইসহাক, যুগ্ম সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সানি আহমেদ সানি, রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি ওমর মোর্শেদ, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাকিল, সাংগঠনিক সম্পাদক আলবি হাসান নাঈম সহ ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।