ইশিকার স্বপ্ন থেমে থাকেনি টাকার অভাবে

বরকলে এসএসসি পরীক্ষার্থীদের পাশে পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

আপডেটের সময়ঃ এপ্রিল ২৬, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

অর্থের সংকট অনেক সময় মেধার পথ আটকে দেয়। কিন্তু রাঙামাটির দুর্গম বরকল উপজেলায় সেই বাস্তবতা বদলে দিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট দীপেন দেওয়ান। আর্থিক সংকটে এসএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়া ইশিকা চাকমার পাশে দাঁড়িয়ে তিনি এক মানবিক দৃষ্টান্ত গড়েছেন।

শনিবার (২৫ এপ্রিল) বরকল উপজেলায় সরাসরি উপস্থিত হয়ে মন্ত্রী বলেন, দেশে কোনো শিক্ষার্থী যেন অর্থের অভাবে ঝরে না পড়ে—এটাই সরকারের নির্দেশনা। তিনি ইশিকা চাকমাসহ অন্যান্য পরীক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, তাদের স্বপ্ন পূরণে যা প্রয়োজন, তা নিশ্চিত করতে সরকার পাশে থাকবে।
জানা গেছে, রাঙামাটি জেলার দ্বিতীয় বৃহত্তম উপজেলা বরকলের দুর্গম জারুলছড়ি এলাকার বাসিন্দা জুনো পাহাড় উচ্চ বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ইশিকা চাকমা। মাত্র ৭ হাজার টাকার অভাবে সে বিদ্যালয় কর্তৃপক্ষকে জানায়, এ বছর তার পক্ষে এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব নয়।

বিষয়টি জানার পরপরই মন্ত্রী দীপেন দেওয়ান বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ইশিকার পরীক্ষার সম্পূর্ণ দায়িত্ব নেওয়ার ঘোষণা দেন। ফলে ইশিকার জন্য খুলে যায় পরীক্ষার পথ।

পরে শনিবার তিনি বরকল গিয়ে ইশিকার হাতে নগদ অর্থ তুলে দেন। পাশাপাশি উপজেলার তিনটি এসএসসি কেন্দ্রের শিক্ষার্থীদের নৌপথে যাতায়াতের খরচ হিসেবে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধানদের কাছেও অর্থ সহায়তা প্রদান করেন।
শুধু আর্থিক সহায়তা নয়, ইশিকার ভবিষ্যৎ নিয়েও আশ্বাস দেন মন্ত্রী। তিনি বলেন, পড়াশোনার পথে কোনো বাধা এলে সবসময় তার পাশে থাকবেন। একই সঙ্গে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের নির্দেশ দেন, ভবিষ্যতে যেন কোনো শিক্ষার্থী অর্থের অভাবে পরীক্ষার বাইরে না থাকে—সেদিকে বিশেষ নজর রাখতে।

এই উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরেছে। অনেকের মতে, এ ধরনের মানবিক পদক্ষেপ দুর্গম এলাকার শিক্ষার্থীদের জন্য বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।