রাঙ্গামাটির পুরাতন বাস ষ্ট্যান্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি বাস সহ ৬টি দোকান পুড়ে ছাই


আপডেটের সময়ঃ ডিসেম্বর ২১, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

রাঙ্গামাটি শহরের পুরাতন বাস ষ্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় ৬টি দোকান ও ৩টি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে গেছে। স্থানীয়দের মতে, শনিবার দিবাগত মধ্যরাতে একটি ফার্নিচারের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের পুরাতন বাস স্টেশনের খাগড়াছড়ি বাস টার্মিনালে মধ্যরাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। এ সময় লোকজন দ্রুত দোকান থেকে বের হয়ে রাস্তায় এসে চিৎকার করতে থাকলে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরবর্তীতে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দুটি টিম ঘটনাস্থলে এসে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে না আনলে ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারতো। স্থানীয়দের হিসেবে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।

সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেছেন।