আপডেটের সময়ঃ এপ্রিল ৩০, ২০২৬
নিজস্ব প্রতিবেদক:-
রাঙামাটিতে শুরু হয়েছে দুই দিনব্যাপী পঞ্চম পার্বত্য চট্টগ্রাম লেখক সম্মেলন ও সম্মাননা প্রদান অনুষ্ঠান। এ সম্মেলনে অংশ নিয়েছেন পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জনগোষ্ঠীর দেড় শতাধিক কবি, লেখক, সাহিত্যিক ও সংস্কৃতি কর্মী।
শুক্রবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমিতে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট কবি মৃত্তিকা চাকমা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেলের প্রধান ব্যারিস্টার দেবাশীষ রায়।
সম্মেলনের উদ্বোধনী দিনে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য সুগত চাকমা, প্রমোদ বিকাশ কার্বারি, জ্যোতিপ্রভা লারমা, অলিন্দ্র লাল ত্রিপুরা, ডা. মং উষাইথোয়াই, মনোজ বাহাদুর গুর্খা ও ইয়াংঙান ম্রো-কে লেখক সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জনগোষ্ঠীর সমৃদ্ধ ইতিহাস, কৃষ্টি ও সংস্কৃতিকে সাহিত্যিকদের লেখনীর মাধ্যমে দেশ-বিদেশের সামনে তুলে ধরা সম্ভব। এজন্য লেখক সমাজকে আরও গবেষণাশীল ও সৃজনশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অংসুই মারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অঞ্জুলীকা খীসা, কবি শিশির চাকমা, রাঙামাটি ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক জিতেন চাকমা এবং কবি ও লেখক প্রভাংশু ত্রিপুরা। স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মেলনের আহ্বায়ক শুভ্রজ্যোতি চাকমা।
আগামীকাল শনিবার এই দুই দিনব্যাপী লেখক সম্মেলনর সমাপ্ত হবে।