রাঙামাটির কাপ্তাইয়ের দুর্গম চাকুয়ায় ব্রি ধান-১০২ চাষে সফলতা


আপডেটের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬

কাপ্তাই প্রতিনিধি:

রাঙামাটির কাপ্তাই উপজেলার দুর্গম চাকুয়া বড় পাড়ায় ব্রি ধান-১০২ জাতের বোরো চাষে সফলতা পেয়েছেন স্থানীয় কৃষকরা।
২০২৫-২০২৬ মৌসুমে উপজেলার ৩নং চিৎমরম ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এ এলাকায় প্রায় ২ একর জমিতে এই ধানের আবাদ করে আশাব্যঞ্জক ফলনের মুখ দেখছেন কৃষক সাথোয়াইঅং মার্মা, ওয়াচিং মার্মা ও হ্লাসাউ মার্মা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, দিগন্তজোড়া সবুজ ধানক্ষেতের মাঝে সোনালী শীষ দোল খাচ্ছে বাতাসে। প্রকৃতির এই মনোরম দৃশ্য যেন কৃষকের মুখে ফুটে ওঠা হাসির প্রতিচ্ছবি হয়ে উঠেছে।
কৃষকরা জানান, কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে তারা এই প্রদর্শনী পেয়েছেন। ২ একর জমিতে ব্রি ধান-১০২ আবাদ করেছেন এবং ফলন ভালো হয়েছে। ধান কাটার পর গত বছরের তুলনায় বেশি উৎপাদন হবে বলে তারা আশা করছেন।
কৃষক হ্লাসাউ মার্মা জানান, এ বছর তারা AWD (Alternate Wetting and Drying) পদ্ধতি ব্যবহার করেছেন। ফলে প্রচলিত সেচ ব্যবস্থার তুলনায় কম পানি ব্যবহার করতে হয়েছে, এতে উৎপাদন খরচও কমেছে।

এ বিষয়ে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মাসুদ বলেন, “AWD প্রযুক্তির মাধ্যমে এই কৃষি ব্লকের তিনজন কৃষক ২ একর জমিতে ব্রি ধান-১০২ চাষ করেছেন। ফলন বেশ ভালো হয়েছে এবং আগামী মে মাসে ধান কাটা হবে।”

 

রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, জেলায় এবার মোট ৬৫.৩৫ হেক্টর জমিতে ব্রি ধান-১০২ এর আবাদ হয়েছে। এর মধ্যে কাপ্তাই উপজেলায় ১৯ হেক্টর, বরকল ২০ হেক্টর, রাঙামাটি সদর ৫ হেক্টর, নানিয়ারচর ৭ হেক্টর, রাজস্থলী ৫ হেক্টর, জুরাছড়ি ৪ হেক্টর, লংগদু ২.১ হেক্টর, বাঘাইছড়ি ৩ হেক্টর এবং কাউখালী উপজেলায় ০.২৫ হেক্টর জমিতে এ ধান চাষ করা হয়েছে। জুরাছড়ি ও বাঘাইছড়ি উপজেলায় হেক্টরপ্রতি উৎপাদন হয়েছে প্রায় ৩.৮ মেট্রিক টন।

এ প্রসঙ্গে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মনিরুজ্জামান বলেন, “ব্রি ধান-১০২ একটি নতুন জাত। পর্যাপ্ত পানি ও সুষম সার প্রয়োগ নিশ্চিত করা গেলে রাঙামাটিতে এ ধানের উৎপাদন আরও ভালো হবে।”