রাঙামাটিতে ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল উদ্বোধন

স্বাস্থ্যসেবা অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না- পার্বত্য মন্ত্রী দী‌পেন দেওয়ান এমপি

আপডেটের সময়ঃ এপ্রিল ২৮, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দী‌পেন দেওয়ান এমপি ব‌লে‌ছেন, স্বাস্থ্যসেবা একটি মৌলিক অধিকার এবং এই অধিকার থেকে কাউকে বঞ্চিত করা যাবে না। তবে পার্বত্য চট্টগ্রামের দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এখানে স্বাস্থ্যসেবা এখনো পর্যাপ্তভাবে গড়ে ওঠেনি। বর্তমান সরকার এ খাতে বিশেষ গুরুত্ব দিয়ে উন্নয়নে কাজ করে যাচ্ছে। মন্ত্রী আরো বলেন,, এ অঞ্চলে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট রয়েছে, যা দ্রুত সমাধানের জন্য তিনি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন এবং আশ্বাস পেয়েছেন যে পার্বত্য তিন জেলায় স্বাস্থ্য সেবার উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হবে।

তি‌নি সোমবার (২৭ এপ্রিল ) দুপু‌রে নব নি‌র্মিত ২৫০ শয্যা বি‌শিষ্ট রাঙামাটি জেনা‌রেল হাসপাতাল ভব‌নের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন।

পার্বত্য মন্ত্রী চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রোগীদের প্রতি সহানুভূতিশীল আচরণ ও মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। একইসঙ্গে রোগীদের মানসিক দিক বিবেচনায় রেখে চিকিৎসা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এছাড়া তিনি জানান, দুর্গম পাহাড়ি অঞ্চলে দ্রুত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ওয়াটার অ্যাম্বুলেন্স চালু করা হবে, যা এ অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি ইউনিয়ন পর্যায়ে ক্লিনিক ও মাতৃসেবা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

তিনি আরও বলেন, চিকিৎসকদের জন্য আবাসন ও পরিবহন সুবিধা নিশ্চিত করা হলে তারা আরও স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন। এ বিষয়ে অবকাঠামোগত উন্নয়নেও সরকার পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, জনগণের সরকার হিসেবে প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া আমাদের দায়িত্ব এবং সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাঙামাটি সি‌ভিল সার্জন ডা , নূ‌য়েন খীসার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত উদ্বোধনী অনুস্টা‌নে অন্যান্যদের ম‌ধ্যে বক্তব্য রা‌খেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষ‌দের চেয়ারম্যান কাজল তালুকদার, রাঙামাটি মে‌ডি‌কেল ক‌লে‌জের অধ্যক্ষ প্রী‌তি ভূষন বড়ুয়া,রাঙামাটি সদর জোন কমান্ডার লে: ক‌র্ণেল ইকরামুল রাহাত, রাঙামাটি গনপূর্ত অ‌ধিদপ্ত‌রের নির্বাহী প্রকৌশলী শ‌র্মি চাকমা, রাঙামাটি অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার ইকবাল হো‌সেন, আবা‌সিক মে‌ডি‌কেল অ‌ফিসার ডা, শওকত আকবর।